[email protected] সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩

চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও ববি শিক্ষার্থীদের অবস্থান

ববি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৬ ৯:১১ পিএম

সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

বিভাগে দীর্ঘদিনের সেশনজটসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হকের পদত্যাগ দাবি করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী সজিব বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। উপাচার্য তাদের আরও ৩০ মিনিট সময় চেয়েছেন বলেও জানান তিনি।

সজিব বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চেয়ারম্যানকে অপসারণের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না এলে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেবেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে তারা একমত। অন্যান্য বিভাগ যদি সেশনজট কমাতে পারে, তাহলে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগেও তা সম্ভব হওয়া উচিত।

তিনি আরও বলেন, চেয়ারম্যানকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার আগেই তার স্বেচ্ছায় সরে যাওয়া উচিত ছিল।

বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটি সংশ্লিষ্ট শিক্ষকের জন্য বিব্রতকর। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার কথাও জানান তিনি।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের সেশনজটসহ বিভাগীয় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এসআর

সম্পর্কিত খবর