চট্টগ্রামে তরুণদের মিডিয়া ও তথ্য সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা এবং গঠনমূলক সংলাপের দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ডয়চে ভেলে একাডেমি ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ‘Bootcamp for Youth Members of CSOs on MIL, Digital Safety and Constructive Dialogue’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে গত ২২ আগস্ট শুরু হওয়া বুটক্যাম্পটি ২৪ আগস্ট বিকেলে শেষ হয়।
এতে চট্টগ্রামে কার্যক্রম পরিচালনাকারী সাতটি সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিএসও) ৩০ জন তরুণ স্বেচ্ছাসেবক অংশ নেন।
অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো—ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট এফোর্ট, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, স্পার্ক-সাপোর্টিং পিপল অ্যান্ড রিবিল্ডিং কমিউনিটিজ, ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ, ইয়ুথ ইনোভেশন ফর অ্যাকশন এবং গ্রিন মিলু।
ডয়চে ভেলে একাডেমির প্রশিক্ষক মাসফিক মিজান ও নাইমুর রহমানের তত্ত্বাবধানে সাতজন ফেলো প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
কর্মশালায় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুল তথ্য, গুজব, বিদ্বেষমূলক বক্তব্য, অনলাইন হয়রানি এবং নারীর প্রতি সহিংসতার মতো বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি অংশগ্রহণকারীদের তথ্য যাচাই, দায়িত্বশীলভাবে মতামত প্রকাশ, ডিজিটাল নিরাপত্তা বজায় রাখা এবং ভিন্নমতের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনার বিভিন্ন কৌশল শেখানো হয়।
কর্মসূচিতে ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক নাজমা সুলতানা লিলি উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমে ওয়েভ ফাউন্ডেশনের দীর্ঘদিনের পথচলায় তরুণদের সক্ষমতা বৃদ্ধি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
ডয়চে ভেলে একাডেমির সঙ্গে পরিচালিত এ উদ্যোগ তরুণদের নেতৃত্বের গুণাবলি ও দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নিরাপদ অনলাইন পরিবেশে তরুণদের মতামত ও অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।
গঠনমূলক সংলাপের মাধ্যমে তরুণরা যেন নীতিনির্ধারণী পর্যায়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেন, সে সুযোগ তৈরি করাও এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এ সময় ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী (অর্থ) মনজুরুল হাসান, প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেটি, কমিউনিকেশন অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট অফিসার সাইফুর রহমান এবং রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট সাজ্জাদুল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘Loud and Clear: Empowering Youth Voices 2.0’ প্রকল্পের আওতায় বুটক্যাম্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন (EU) ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (BMZ) যৌথ অর্থায়নে প্রকল্পটি ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলে পরিচালিত হচ্ছে।
প্রকল্পটির মাধ্যমে তরুণ ও নাগরিক সমাজের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসআর