[email protected] সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩

দাখিলে নিয়মিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৬ ৩:২৮ পিএম

সংগৃহীত ছবি

নিয়মিতভাবে দাখিল পরীক্ষায় অংশ নিতে পারেনি—এমন মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রাইভেট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

রোববার (৩০ আগস্ট) বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ খ্রিষ্টাব্দের দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণ নির্ধারিত নিয়ম ও সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
যারা আবেদন করতে পারবেন


বোর্ড জানিয়েছে, ২০২৭ সালের দাখিল পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত মাদ্রাসা থেকেই প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করা যাবে।


আবেদনকারীর বয়স ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে কমপক্ষে ১৯ বছর হতে হবে।
রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণের ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ৩০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। তবে শিক্ষার্থীদের তথ্য সিস্টেমে এন্ট্রির সময়সীমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।্


যেভাবে রেজিস্ট্রেশন করতে হবে
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে e-SIF সেবায় প্রতিষ্ঠানের EIIN এবং Entry Password ব্যবহার করে লগইন করতে হবে।


এরপর পেমেন্ট অপশনে গিয়ে পরীক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর জন্য ২৪১ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। 


রেজিস্ট্রেশন ফি পরিশোধ সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের তথ্য দেওয়ার জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে। সেখানে দাখিল (প্রাইভেট) নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।


তথ্য এন্ট্রি শেষে তালিকার প্রিন্ট কপি নিয়ে প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করতে হবে। কোনো ভুল পাওয়া গেলে Edit অপশনের মাধ্যমে তা সংশোধন করা যাবে। শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রে থাকা তথ্য অনুযায়ী রেজিস্ট্রেশন ফরমে তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে বোর্ড।


রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছর
দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। এ রেজিস্ট্রেশন নবায়ন করার সুযোগ থাকবে না।


চাকরিরত কোনো ব্যক্তি প্রাইভেট পরীক্ষায় অংশ নিতে চাইলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতা পূরণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রেজিস্ট্রেশন ও ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।


যেসব বিষয়ে সতর্কতা
বোর্ড জানিয়েছে, প্রাইভেট পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফরম পূরণের আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষের হাতে থাকবে।


ডাকযোগে কিংবা সরাসরি বোর্ডে গিয়ে রেজিস্ট্রেশন বা ফরম পূরণসংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষায় অংশ নিতে পারবেন। তাদের অতিরিক্ত কোনো বিষয় নেওয়ার সুযোগ থাকবে না।


ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় তথ্য ও ফি জমা দিয়ে বোর্ডের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীদের।

এসআর

সম্পর্কিত খবর