[email protected] রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩

কুবিতে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে ইএলডিসির ‘জিএম ইন্ডাকশন ৫.০’

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৬ ৮:৫৪ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবীন শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতার পাশাপাশি নেতৃত্বগুণ বিকাশ এবং বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে ধারণা দিতে এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) উদ্যোগে ‘জেনারেল মেম্বার ইন্ডাকশন ৫.০’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্টাডিজেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলামিন সরকার।

 

ইএলডিসির সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনকে আরও কার্যকর ও অর্থবহ করে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। শুধু শ্রেণিকক্ষের পড়াশোনা নয়, নেতৃত্ব, যোগাযোগ, দলগতভাবে কাজ করা এবং দায়িত্বশীলতার মতো দক্ষতাও শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতেই আয়োজনটি করা হয়েছে।

 

ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, নতুন সদস্যদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের ব্যক্তিগত, পেশাগত ও নেতৃত্ব বিকাশের দীর্ঘমেয়াদি পথচলা শুরু করাই এ আয়োজনের লক্ষ্য। এমন একটি পরিবেশ তৈরি করতে চান তারা, যেখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব কাজে অংশ নেবে, দায়িত্ব গ্রহণ করবে এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করবে।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সম্ভাবনাকে বাস্তব দক্ষতা ও কার্যকর পারফরম্যান্সে রূপ দেওয়ার জন্য ইএলডিসি ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

এসআর

সম্পর্কিত খবর