২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামী বছরের ১৪ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার নতুন সূচি নির্ধারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।
এর আগে ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্তে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
একসময় নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতো। করোনাভাইরাস মহামারির কারণে পরবর্তী সময়ে সেই ধারাবাহিকতায় পরিবর্তন আসে।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় সাশ্রয় এবং পরীক্ষা ব্যবস্থাপনায় সংস্কারের লক্ষ্যে গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন উদ্যোগের কথা জানায়। সেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার সম্ভাব্যতা যাচাইসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল।
নতুন সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তত্ত্বীয় অংশ ১৪ মার্চ শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে।
এসআর