[email protected] রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩

রাজধানীর যানজট কমাতে প্রধানমন্ত্রীর বৈঠকে ১০ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৬ ৮:৩২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর মধ্যে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালু, ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া, গাবতলী বাস টার্মিনালের পরিসর বাড়ানো এবং কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের উদ্যোগ রয়েছে।

 

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এসব তথ্য জানান।

 

বৈঠকে ঢাকার সামগ্রিক যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

ইটিসি চালু হবে টোল প্লাজায়

রাজধানীর এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওয়ের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এ ব্যবস্থাকে সহজ ও কার্যকর করতে একটি অ্যাপ তৈরির উদ্যোগও নেওয়া হবে। আগামী চার মাসের মধ্যে পুরো কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

যাত্রাবাড়ী-গুলিস্তান এলাকায় যানজট কমানোর উদ্যোগ

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের যানজট নিরসনে বুয়েটের আগের সমীক্ষা ও প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রয়োজনীয় সুপারিশসহ হালনাগাদ প্রতিবেদন ১৫ দিনের মধ্যে জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বাস্তবায়ন করা হবে।

 

ফুলবাড়িয়া টার্মিনাল যাবে কেরানীগঞ্জে

রাজধানীর কেন্দ্রীয় এলাকায় গণপরিবহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

 

ঝিলমিলে অস্থায়ী টার্মিনাল

স্থায়ী বাস টার্মিনাল তৈরিতে সময় লাগায় আপাতত কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে অস্থায়ী টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। আগামী চার মাসের মধ্যে এটি চালুর উপযোগী করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

গাবতলী টার্মিনালের সক্ষমতা বাড়বে

গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ করে এর ধারণক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে বলা হয়েছে।

 

কারওয়ান বাজারের কিচেন মার্কেট স্থানান্তর

রাজধানীর যানজট ও সড়কের ওপর চাপ কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সচিবালয়ের কাছে বাড়বে পার্কিং সুবিধা

সচিবালয় এলাকায় যানবাহনের চাপ কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তন এলাকায় পার্কিং সুবিধা তৈরি করা সম্ভব কি না, তা যাচাই করা হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী আরও বিকল্প পার্কিং স্পট চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

অটোরিকশার জন্য পৃথক নীতিমালা

ঢাকায় অটোরিকশা চলাচল আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করতে আলাদা নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।

 

অনুমোদনহীন স্লিপার বাসে ব্যবস্থা

অনুমোদন ছাড়া চলাচলকারী ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের নির্দেশ

যানজট নিরসনে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্টদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

 

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর