[email protected] মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সব মাদ্রাসায় বিশেষ কর্মসূচির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৬ ৪:৩১ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে দেশের সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাগুলোতে বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২৪ আগস্ট) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিল ইসলাম প্রামাণিকের সই করা আদেশে দেশের সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানদের এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কর্মসূচি বাস্তবায়ন তদারক করতে বলা হয়েছে।


অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, মাদ্রাসাগুলোতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করতে হবে।


এ ছাড়া শান্তি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ও ইসলামের বিভিন্ন মানবিক মূল্যবোধের ওপর হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। মহানবী (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজনের কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার ভিত্তিতে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।


এর আগে রোববার (২৩ আগস্ট) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছিল।

এসআর

সম্পর্কিত খবর