[email protected] সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

প্রাথমিক শিক্ষায় শিগগিরই নতুন নীতিমালা: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ ৯:১৪ পিএম

সংগৃহীত ছবি

প্রাথমিক শিক্ষাব্যবস্থার কার্যক্রম আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মশালাটির বিষয় ছিল বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার।

ববি হাজ্জাজ বলেন, নতুন নীতিমালা প্রণয়নের পর তার আলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালনা করবেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

প্রাথমিক শিক্ষার পাঠদান, তদারকি ও প্রশাসনিক ব্যবস্থাপনায় আরও কার্যকর কাঠামো গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য একটি শিক্ষিত ও দক্ষ বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

দেশের প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শ্রেণিকক্ষে পাঠদান থেকে শুরু করে তদারকি ও প্রশাসনিক ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষার বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল এবং উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।

দিনব্যাপী কর্মশালায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনা, নিয়মিত মনিটরিং, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

এসআর

সম্পর্কিত খবর