কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে মারামারির ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে ঘটনার কারণ ও সংশ্লিষ্টতা যাচাইয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ।
শুক্রবার (২১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. হারুন।
তিনি জানান, হলে যাতে একই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য তদন্ত চলাকালীন দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীকে। সদস্য সচিব হিসেবে রয়েছেন সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ময়নাল হোসাইন। কমিটির অন্য দুই সদস্য হলেন আইসিটি বিভাগের প্রভাষক খন্দকার ওলিউল্লাহ এবং সিএসসি বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম বাবর।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ইলিয়াস ইসলাম শুভ এবং মো. হুমায়ুন কবির।
জানা গেছে, মেসেঞ্জার গ্রুপে দেওয়া একটি বার্তাকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে সমাধানের জন্য হল প্রাধ্যক্ষের কক্ষে বৈঠক বসে। এ সময় কক্ষের বাইরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হোসাইনের মাথায় আঘাত লাগে এবং মাথা ফেটে যায়।
ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।
এসআর