ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
কর্মসূচির আওতায় ক্যাম্পাসে ৩৫টি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়কে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে গাছ লাগানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত, সহসভাপতি ইসমাইল হোসেন তাকবির ও ইমরান হোসেন, সাধারণ সম্পাদক সুমন হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধনকালে শাখা সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং ক্যাম্পাসকে সবুজ ও বসবাসের উপযোগী রাখতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশ উন্নয়নে ৩৫টি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরো আগস্ট মাসজুড়ে এ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করা প্রয়োজন। সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করলে একটি সবুজ ও নান্দনিক ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে।
এসআর