বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
অভিনন্দন বার্তায় বাউবি উপাচার্য বলেন, নতুন রাষ্ট্রপতি একই সঙ্গে বাউবির চ্যান্সেলর। দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, সৎ ও দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে মানুষের আস্থা অর্জন করেছেন। তার শিক্ষকতা, রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও দেশপ্রেম রাষ্ট্রীয় দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মির্জা ফখরুলকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশসেবার স্বীকৃতি।
একজন শিক্ষক ও প্রবীণ রাজনীতিবিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাউবি পরিবারের পক্ষ থেকে আনন্দ প্রকাশ করে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, মির্জা ফখরুলের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দেশপ্রেম দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আশা করেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, গবেষণার সম্প্রসারণ এবং নতুন জ্ঞান ও উদ্ভাবন চর্চায় বিশ্ববিদ্যালয়গুলো আরও এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।
অভিনন্দন বার্তার শেষে বাউবি উপাচার্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেন।
এসআর