গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম।
শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় কুবি উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তাঁর দৃঢ়তা, সততা ও দায়িত্বশীল ভূমিকা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ ও দেশসেবার স্বীকৃতি। তাঁর অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম আরও বলেন, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও দেশপ্রেমের সমন্বয়ে বাংলাদেশ আরও সমৃদ্ধ, উন্নত ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।
অভিনন্দন বার্তায় কুবি উপাচার্য নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সাল থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্বও পালন করেন।
এসআর