ঢাকা জেলার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)
উদ্যোগে বুড়িগঙ্গা নদীতে 'হৃদয়ে ঢাকা' শীর্ষক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে সদরঘাটের খোলামোড়া ঘাট থেকে সোয়ারীঘাট পর্যন্ত এ নৌকা বাইচ আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে নদীর দুই পাড়ে উৎসুক দর্শনার্থীদের ঢল নামে। তবে নদীতে দর্শকদের বহনকারী প্রচুর ট্রলারের উপস্থিতির কারণে প্রতিযোগীদের নৌকাগুলো নির্ধারিত লাইনে চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। ভবিষ্যতে আরও সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আয়োজকরা নিশ্চিত করেন।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদী আচরণের কারণে এরকম লোকজ সাংস্কৃতিক আয়োজন সম্ভব হয়নি। তিনি জাতীয় দিবসগুলোতে এ ধারার অনুষ্ঠান নিয়মিত ও সুশৃঙ্খলভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অন্যদিকে, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বুড়িগঙ্গায় দর্শকদের ভিড়ের কারণে চলাচলে কিছুটা সমস্যা হওয়ার কথা স্বীকার করেন। তারা বলেন, ঢাকাবাসীর সহযোগিতায় নগরীর কৃষ্টি, কালচার ও ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী ঢাকাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে।
প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে নোঙর করা শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার 'পিএস মাহমুদ'-এ বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মোট ৬টি দল এতে অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানের দল। দ্বিতীয় স্থান অর্জন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের দল এবং তৃতীয় হয় মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকনের দল। বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার হিসেবে স্কুটার, ফ্রিজ ও টেলিভিশন হস্তান্তর করা হয়।
এসআর