রাজধানীর শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে ওঠার সময় সমস্যায় পড়ে নারীদের জন্য চালু করা বিশেষ ‘পিংক বাস’।
ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে উঠতে না পারায় নারী চালক বাসটি থামিয়ে দেন। পরে যানজট ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এক পুরুষ চালক এগিয়ে এসে বাসটি নিরাপদে ফ্লাইওভারে তুলে দেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে শাহজাহানপুর এলাকায় ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পিংক বাসটির চালক ফাহিমা সানজান ফ্লাইওভারের ঢালে ওঠার চেষ্টা করলেও বাসটি ওপরে উঠছিল না। একপর্যায়ে তিনি বাস থামিয়ে দেন। এতে বাসের ভেতরে থাকা নারী যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
পরিস্থিতি সামাল দিতে এবং সড়কে যানজট সৃষ্টি বা দুর্ঘটনার ঝুঁকি কমাতে একজন পুরুষ চালক সহযোগিতার জন্য এগিয়ে আসেন। তিনি চালকের আসনে বসে বাসটি চালিয়ে ফ্লাইওভারের ওপর তুলে দেন। এতে বড় কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে চালুর দিনই পিংক বাস দুর্ঘটনার মুখে পড়ে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ডিপো থেকে উদ্বোধনের পর সড়কে নামার কিছুক্ষণের মধ্যেই বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। পরে ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট বাসটিকে জরিমানা করে।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন সুবিধা দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার রাজধানীতে বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের দোতলা বাসগুলোতে নারী চালক রাখা হয়েছে এবং নারী যাত্রীদের জন্যও বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
তবে চালুর পরদিনই সেবাটিতে যাত্রীসংখ্যা কম দেখা গেছে। রাজধানীর অনেক নারী এখনো পিংক বাসের নির্ধারিত রুট ও সেবা সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসআর