রাজধানীর গ্রিন রোড এলাকার রূপসা রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
(১৭ আগস্ট) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘরের পরিবেশ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের ফ্লোরও ভাঙা ছিল। এছাড়া রেফ্রিজারেটরে মাছ, মাংস, গ্রিল চিকেনসহ বিভিন্ন রান্না করা মসলা যথাযথ লেবেল ছাড়াই সংরক্ষণ করা হচ্ছিল।
এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে পারেনি।
এসব অনিয়মের বিষয়ে দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রূপসা রেস্টুরেন্টকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়াসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এসআর