[email protected] শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩

উত্তেজনা কমে স্বাভাবিক ঢামেক, নিয়মিত চলছে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৬ ২:১৯ পিএম

সংগৃহীত ফাইল

প্রশাসনিক কর্মকর্তার বদলি ও পদায়নকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির অবসান হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে হাসপাতালের বিভিন্ন বিভাগে স্বাভাবিকভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বুধবার (১২ আগস্ট) সকালে ঢামেকে দায়িত্ব পালনরত ড্যাব নেতা ও চিকিৎসক ডা. ফখরুজ্জামান ফখরুল জানান, হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ইনডোরসহ গুরুত্বপূর্ণ সব সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

রোগীরাও কোনো ধরনের বাধা ছাড়াই চিকিৎসা নিতে পারছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই সপ্তাহে হাসপাতালের প্রশাসনিক ব্লকে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

প্রশাসনিক কর্মকর্তা রেজাউল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বদলি এবং সেখানকার প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হককে ঢামেক হাসপাতালে পদায়নের সিদ্ধান্তকে কেন্দ্র করেই মূলত এই পরিস্থিতির সূত্রপাত।

এদিকে অভিযোগ রয়েছে, ঢামেক হাসপাতালের পরিচালক মোজাম্মেল হককে দায়িত্বে যোগদানে বাধা দেওয়া হয়েছিল।

বিষয়টি নিয়ে চিকিৎসকদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

পরে তারা মোজাম্মেল হককে দায়িত্ব বুঝে নেওয়ার সুযোগ দেওয়ার দাবিতে কয়েক দফা আলোচনা ও বৈঠক করেন।

তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। হাসপাতালের নিয়মিত কার্যক্রমও স্বাভাবিক গতিতে চলছে।

এসআর

সম্পর্কিত খবর