[email protected] শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩

শব্দদূষণ রোধে কঠোর অবস্থানে সরকার, দেশজুড়ে নজরদারি জোরদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৬ ১:৪০ পিএম

সংগৃহীত ছবি

দেশে শব্দদূষণ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার।

এ উদ্দেশ্যে পরিবেশ অধিদপ্তর শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ বাস্তবায়নে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বিধিমালার বিভিন্ন নির্দেশনা মেনে চলতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বিধিমালা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সারা দেশে নজরদারি কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো যন্ত্র বা কর্মকাণ্ড থেকে নির্ধারিত সীমার চেয়ে বেশি শব্দ সৃষ্টি করা যাবে না। পারিবারিক অনুষ্ঠান, সামাজিক আয়োজন কিংবা জনসমাবেশে উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম ব্যবহারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হবে।

অনুমতি মিললেও শব্দের মাত্রা ৯০ ডেসিবেলের বেশি বা ব্যবহারকাল পাঁচ ঘণ্টার বেশি হতে পারবে না।

এ ছাড়া নির্ধারিত শব্দসীমা অতিক্রমকারী হর্নের উৎপাদন, আমদানি, বিক্রি, মজুত, পরিবহন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

নীরব এলাকায় সব ধরনের হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে পটকা, আতশবাজি বা অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডও নিষিদ্ধ থাকবে।

বিধিমালায় আরও বলা হয়েছে, আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো যাবে না।

প্রাকৃতিক বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে বেলুন ফোটানো এবং উচ্চ শব্দ সৃষ্টি করে এমন যন্ত্র ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ ছাড়া আবাসিক এলাকার শেষ সীমানা থেকে ৫০০ মিটারের মধ্যে সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত নির্মাণকাজে ব্যবহৃত শব্দসৃষ্টিকারী যন্ত্রপাতি পরিচালনা করা যাবে না বলে জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর