[email protected] বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

‘পিংক বাস’ চালু আজ, ঢাকার যেসব রুটে মিলবে সেবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬ ১০:০৬ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ

 সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। গোলাপি (পিংক) রঙের এই বাস সার্ভিস চালনা ও পরিচালনার দায়িত্বে থাকবেন নারী চালক ও কন্ডাক্টররাই।

​মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

​যেসব রুটে চলবে এই বাস:

​ঢাকা ও আশপাশের রুট: নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল। এ ছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস রাখা হবে। (নতুনবাজার থেকে মতিঝিলগামী বাসটি কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে গন্তব্যে পৌঁছাবে।)

​ঢাকার বাইরে: বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে (কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে) দুটি বাস চলাচল করবে।

​বিআরটিসির আশা, বিশেষ এই সার্ভিসের ফলে গণপরিবহণে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধির পাশাপাশি পরিবহণ খাতে তাদের কর্মসংস্থান ও অংশগ্রহণের সুযোগও সম্প্রসারিত হবে।

এসআর

সম্পর্কিত খবর