[email protected] বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

আজ থেকে চট্টগ্রাম ও মাদ্রাসা বোর্ডের স্থগিত এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ৯:৫৬ এএম

সংগৃহীত ছবি

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের ৫টি জেলায় স্থগিত হওয়া এইচএসসি ও

 সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে নতুন সূচি অনুযায়ী শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আজ অনুষ্ঠিত হচ্ছে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। সংশোধিত সময়সূচি অনুসারে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষাগুলো চলবে।

​চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া বিষয়গুলোর মধ্যে ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, আরবি, পালি, রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, অর্থনীতি এবং প্রকৌশল অঙ্কন অন্তর্ভুক্ত রয়েছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী—২২ আগস্ট আইসিটি; ২৪ ও ২৭ আগস্ট যথাক্রমে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার ১ম ও ২য় পত্র; ২৯ ও ৩১ আগস্ট ভূগোলের পাশাপাশি আরবি ও পালি; ২ ও ৫ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও উৎপাদন ব্যবস্থাপনা; এবং ৭ ও ৯ সেপ্টেম্বর অর্থনীতি ও প্রকৌশল অঙ্কন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকালের শিফটের পরীক্ষা ১০টা থেকে ১টা এবং বিকেলের শিফট ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে, যেখানে শিক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এসব পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল।

​একইভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের স্থগিত ১১টি বিষয়ের পরীক্ষাও আজ বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমে শুরু হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো ২২ আগস্ট (ইংরেজি ১ম পত্র), ২৪ আগস্ট (ইংরেজি ২য় পত্র), ২৭ আগস্ট (আরবি ২য় পত্র), ২৯ আগস্ট (হাদিস ও উসূলুল হাদিস), ৩১ আগস্ট (আইসিটি), ৫ সেপ্টেম্বর (বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান ১ম পত্র, তাজবিদ ১ম পত্র), ৭ সেপ্টেম্বর (আল ফিকহ ১ম পত্র) এবং ৯ সেপ্টেম্বর (আল ফিকহ ২য় পত্র) অনুষ্ঠিত হবে।

দ্রুততম সময়ে ফলাফল প্রকাশের লক্ষ্যে মাদ্রাসা বোর্ড নির্দেশ দিয়েছে যে, পরীক্ষা শেষ হওয়া মাত্রই উত্তরপত্র বিলম্ব না করে জেলা পোস্ট অফিসের (জিইপি) মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে। এছাড়া ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর আগামী ২৫ আগস্টের মধ্যে অনলাইনে বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর