কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করে ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা ও গবেষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল হাসান। আলোচনায় শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি গবেষণাকে আরও কার্যকর ও বাস্তবমুখী করার প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, শিক্ষা কেবল পাঠদান বা ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই শিক্ষার অন্যতম উদ্দেশ্য। গবেষণার ক্ষেত্রেও শুধু প্রকাশনার সংখ্যা নয়, সমাজ ও দেশের ওপর গবেষণার ইতিবাচক প্রভাবকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি শিক্ষা ও গবেষণার মান ধারাবাহিকভাবে উন্নত করতে ‘কাইজেন এপ্রোচ’ অনুসরণের ওপর জোর দেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ভালো গবেষণার বিকল্প নেই। গবেষণার ফলাফল শ্রেণিকক্ষে প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানকে আরও কার্যকর করা সম্ভব। বিশেষ করে মাস্টার্স পর্যায়ের গবেষকদের থিসিস, গবেষণাপত্র ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন। পাশাপাশি শিক্ষকদের অতিরিক্ত কোর্সের চাপ কমিয়ে গবেষণা ও মানসম্মত পাঠদানের সুযোগ বাড়ানোর কথাও বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে।
শিল্পখাতের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে সেসব সমস্যার সমাধানে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক পাঠের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সমস্যা ও শিল্পখাতের চ্যালেঞ্জ নিয়ে গবেষণায় যুক্ত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা ও গবেষণার অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও কর্মমুখী জনশক্তি হিসেবে গড়ে তোলায় শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
উপাচার্য আরও বলেন, ধারাবাহিক প্রচেষ্টা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এ জন্য শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন এবং বাস্তবভিত্তিক জ্ঞানচর্চাকে আরও গুরুত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়ন কোনো এককালীন কার্যক্রম নয়; এটি একটি চলমান প্রক্রিয়া। এ ধরনের সেমিনার শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।
এসআর