[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

শিক্ষকদের কল্যাণ দেখার দায়িত্ব রাষ্ট্রের: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬ ৮:০০ পিএম

সংগৃহীত ফাইল

শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো বিবেচনা করে আন্তরিকতার সঙ্গে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, দেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব শিক্ষক সমাজের ওপর অর্পিত। তাই দায়িত্ব পালনে শিক্ষকদের সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা থাকা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষকদের সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার বিষয়গুলো দেখভালের দায়িত্ব রাষ্ট্রের।

মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) সদ্য জাতীয়করণ করা সরকারি কলেজগুলোর শিক্ষকদের জন্য আয়োজিত ‘ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষককে তার পেশার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।

নিজের পেশাকে ভালো না বাসলে কাজের প্রতি আগ্রহ ও আনন্দ তৈরি হয় না। তাই শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, শিক্ষকরা সমাজে মানুষ গড়ার অন্যতম কারিগর। ফলে তাদের দক্ষতা বাড়াতে নিয়মিত ও মানসম্মত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করা হচ্ছে।

অনুষ্ঠানে নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। স্বাগত বক্তব্য দেন নায়েমের পরিচালক অধ্যাপক মো. শাহজাহান।

৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের নয়টি ভেন্যুতে মোট ৫২০ জন শিক্ষক অংশ নিচ্ছেন।

এসআর

সম্পর্কিত খবর