শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন
করা হয়নি, সেগুলোতে অবিলম্বে কমিটি গঠনে পুনর্বার কঠোর নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১৭ আগস্ট) বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো এক চিঠিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে এই তাগিদ দেওয়া হয়।
চিঠিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিগত ১৬ মার্চের পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে ‘নিয়মিত কমিটি গঠনের লক্ষ্য’ সামনে রেখে বাধ্যতামূলকভাবে এই অ্যাডহক কমিটি গঠন করতে হবে।
শিক্ষা বোর্ড স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনে কোনো প্রতিষ্ঠান ব্যর্থ হলে তার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান সরাসরি দায়ী থাকবেন এবং তার বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর