ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪-এর ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান উপাচার্যের কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দপ্তরের দায়িত্বশীল শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থার বিকাশে কাজ করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। মাদ্রাসা শিক্ষাকে দেশ-বিদেশে আরও গ্রহণযোগ্য ও যুগোপযোগী করতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। দ্রুত ফল প্রকাশে সংশ্লিষ্টদেরও ধন্যবাদ জানান তিনি।
সিজিপিএর ভিত্তিতে এবারের মেধাতালিকায় প্রথম হয়েছে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া। তৃতীয় হয়েছে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদ্রাসা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার দেশের ৬৩টি কেন্দ্রে ছয়টি বিষয়ে কামিল (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো হলো—আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।
পরীক্ষার ফলাফল ও বিস্তারিত তথ্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
এসআর