বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগকে কেন্দ্র করে ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের মুসা নামের এক শিক্ষার্থী নবীনবরণ অনুষ্ঠানের দিন অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে। ওই প্রস্তাবে সাড়া না দেওয়ার পর তাকে আটকে রাখার অভিযোগও করা হয়েছে।
বিষয়টি ওই নারী শিক্ষার্থী তার বিভাগের সহপাঠীদের জানালে তারা বিষয়টি সিনিয়রদের অবহিত করেন। পরে অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। এতে তার মুখ থেকে রক্ত পড়তে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, তাদের বিভাগের এক জুনিয়র নারী শিক্ষার্থীকে র্যাগিংয়ের মতো করে উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে ইংরেজি বিভাগের মুসার বিরুদ্ধে। ওই শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে আটকে রাখার অভিযোগও পাওয়া যায়।
তিনি বলেন, বিষয়টি জানার পর বিভাগের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীরা ভিসি গেটের বিপরীতে জড়ো হন। সেখানে ইংরেজি বিভাগের ১৩তম ব্যাচের এক শিক্ষার্থী হঠাৎ হাত চালালে পরিস্থিতি সংঘর্ষের দিকে গড়ায়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গেছেন। তিনিও ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এসআর