[email protected] শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরানোর কথিত গোপন তৎপরতা, খুবিতে তদন্ত কমিটি

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৬ ৮:৩০ পিএম

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথিত গোপন তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কোনো শিক্ষক জড়িত কি না, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যম ও অন্যান্য সূত্রে সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছে যে, দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে একটি কথিত গোপন কার্যক্রমে যুক্ত হয়েছেন।

এ বিষয়টির পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক ওই কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কি না, তা যাচাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলমকে। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন।


কমিটির অপর সদস্যরা হলেন শিক্ষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক, আইন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসিফ আহসান এবং সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. শেখ শারাফাত হোসেন।


অফিস আদেশ অনুযায়ী, গঠিত কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত শেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর