[email protected] মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৬ ১০:৩৭ পিএম

সংগৃহীত ফাইল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) শিক্ষামন্ত্রীর মিডিয়া সেলের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।


বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম এবং শিক্ষক নিয়োগ পদ্ধতি আরও স্বচ্ছ ও কার্যকর করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় নিয়মিত পর্যালোচনা করছে।


তিনি বলেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ নিয়ে বিভ্রান্তিকর বা ভুল তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।


যে কারণে বিষয়টি নিয়ে আলোচনা
এনটিআরসিএর কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষামন্ত্রীসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরদিন ৪ আগস্ট সচিব আবদুল খালেকের স্বাক্ষরে ওই সভার কার্যবিবরণী প্রকাশ করা হয়। সেখানে এনটিআরসিএর ভবিষ্যৎ কার্যক্রম এবং শিক্ষক নিয়োগের পদ্ধতি নিয়ে বেশ কিছু প্রস্তাব ও মতামত উঠে আসে।


কার্যবিবরণীতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ অনুযায়ী এনটিআরসিএর মূল দায়িত্ব নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রাখা যেতে পারে। একই সঙ্গে ২০১৫ সালের পরিপত্রের মাধ্যমে শুরু হওয়া শিক্ষক নিয়োগে সুপারিশের দায়িত্ব পুনর্বিবেচনার কথাও সেখানে উল্লেখ করা হয়।


কার্যবিবরণীতে যা ছিল
সভায় আলোচনার বরাত দিয়ে কার্যবিবরণীতে বলা হয়, ২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠার পর ২০১৫ সালের আগ পর্যন্ত প্রতিষ্ঠানটি মূলত শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করত। পরবর্তী সময়ে নিয়োগের সুপারিশের দায়িত্ব যুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির সক্ষমতা, মামলা ও বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিয়ে সমস্যা তৈরি হয়েছে বলে সভায় আলোচনা হয়।


কার্যবিবরণীতে আরও উল্লেখ করা হয়, এনটিআরসিএর বর্তমান জটিলতা কাটাতে আগের কাঠামোয় ফিরে গিয়ে প্রতিষ্ঠানটির দায়িত্ব নিবন্ধন ও প্রত্যয়নের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়ে মতামত দেওয়া হয়।


এ ছাড়া প্রত্যয়নপ্রাপ্ত শিক্ষকদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগের একটি প্রস্তাবও সভায় আলোচিত হয়। কার্যবিবরণীতে এ বিষয়ে সভায় উপস্থিত সদস্যদের সম্মতির কথাও উল্লেখ করা হয়েছিল।


নতুন বক্তব্যে অবস্থান স্পষ্ট
তবে সোমবার শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্যে বিষয়টি নিয়ে নতুন করে স্পষ্টীকরণ এসেছে। তিনি জানিয়েছেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।


শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএর কার্যক্রম এবং শিক্ষক নিয়োগ পদ্ধতিকে আরও স্বচ্ছ, দক্ষ ও কার্যকর করার উপায় নিয়ে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।


ফলে এনটিআরসিএর নিয়োগ সুপারিশের ক্ষমতা পরিবর্তন কিংবা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ চালুর বিষয়টি আপাতত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে না।

এসআর

সম্পর্কিত খবর