[email protected] বুধবার, ৫ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

জবিতে ছাত্রদল - শিবির সংঘর্ষ - ৩ সদস্যের কমিটি গঠন

জবি প্রতিনিধি

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৬ ৩:১৯ পিএম

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত কর্মসূচিতে সংঘটিত সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন আগেই বিভিন্ন ছাত্রসংগঠন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে একাধিক সমন্বয় সভা করেছে। জাতীয় গুরুত্বসম্পন্ন এ কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে ইউজিসির সহযোগিতা গুরুত্বপূর্ণ হওয়ায় এমন অনুষ্ঠানে সবার দায়িত্বশীল ও শৃঙ্খলাপূর্ণ আচরণ প্রত্যাশিত ছিল।

তবে অনুষ্ঠান চলাকালে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ ও নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, শিক্ষার পরিবেশ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রশাসন শিক্ষার্থীদের মতপ্রকাশ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংযম, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মকানুন অনুসরণের আহ্বান জানিয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আজম খানকে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুসরণ করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

এসআর

সম্পর্কিত খবর