সমাজের নানা অনিয়ম, বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটার (বিথি) ‘চুপ কেন?’ শিরোনামে একটি প্রতিবাদী পথনাটক পরিবেশন করেছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে নাটকটি মঞ্চস্থ হয়। এতে সংগঠনের নাট্যকর্মীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথনাটকের বিভিন্ন দৃশ্যের মাধ্যমে সমাজে ঘটে চলা অন্যায় ও অনিয়মের চিত্র তুলে ধরা হয়। অন্যায়ের প্রত্যক্ষদর্শী হয়েও মানুষ কেন নীরব থাকে এবং সেই নীরবতা কীভাবে ধীরে ধীরে ভয় ও বিচারহীনতার পরিবেশকে শক্তিশালী করে—নাটকের গল্প ও অভিনয়ের মাধ্যমে তা তুলে ধরেন শিল্পীরা।
একই সঙ্গে অন্যায়ের কাছে নতি স্বীকার না করে সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। নাটকের বিভিন্ন সংলাপ ও দৃশ্য দর্শকদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতার বার্তা পৌঁছে দেয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক গোলদার যুক্ত জ্যোতি বলেন, সমাজের চারপাশে নানা অন্যায় ঘটলেও অনেক মানুষ নিরাপত্তার কথা ভেবে নীরব থাকেন। কিন্তু দীর্ঘদিনের এই নীরবতা একসময় অনিয়ম ও বিচারহীনতাকে আরও শক্তিশালী করে।
তিনি বলেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জাগানোই ‘চুপ কেন?’ নাটকের মূল উদ্দেশ্য।
সংগঠনটির সভাপতি প্রণয় অন্ত বলেন, ‘চুপ কেন?’ কেবল একটি নাটক নয়, বরং বর্তমান সময়ের সামাজিক বাস্তবতা ও মানুষের দায়িত্ববোধকে শিল্পের মাধ্যমে তুলে ধরার একটি প্রয়াস।
তিনি বলেন, অন্যায়, বৈষম্য ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে মানুষকে ভাবতে শেখানো এবং প্রতিবাদের ভাষা তৈরি করাই এই আয়োজনের লক্ষ্য। দর্শকের মনে যদি নাটকটি অন্তত একটি প্রশ্নের জন্ম দিতে পারে, তাহলেই আয়োজনটি সফল হয়েছে বলে মনে করবেন তারা।
এসআর