[email protected] সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩

কুবিতে আদিবাসী দিবস পালিত, ঐতিহ্য-সংস্কৃতি রক্ষায় গুরুত্বারোপ

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৬ ৯:৫৬ পিএম

সংগৃহীত ফাইল

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংসদ।

আয়োজনে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


রেমি চাকমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আদিবাসী ছাত্র সংসদের উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের প্রভাষক মোহাম্মদ ওবায়দুর রহমান। এ ছাড়া আদিবাসী সংগঠনের সাবেক সভাপতি সুইচিংনু মার্মা আলোচনায় অংশ নেন।


প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ জরুরি।

আদিবাসী ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা, প্রদর্শনী এবং ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজন রয়েছে। তরুণ প্রজন্মের পাশাপাশি বৃহত্তর সমাজকেও এসব উদ্যোগে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।


আদিবাসী ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মংক্যএ মার্মা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরাই আয়োজনের অন্যতম লক্ষ্য। এ ধরনের আয়োজন পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


সংগঠনের সভাপতি উচিং মারমা জানান, আদিবাসী শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ারবিষয়ক সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী একটি প্রকাশনা বের করার উদ্যোগ নেওয়া হবে।


তিনি আরও বলেন, আগামী বছর আদিবাসী দিবস আরও বড় পরিসরে মুক্তমঞ্চে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আগামী এক বছরের মধ্যে শিক্ষার্থীদের জন্য একটি ভ্রমণের আয়োজন এবং জুনিয়র শিক্ষার্থীদের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা নিয়ে একটি সেমিনার করার পরিকল্পনাও রয়েছে।


আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের দলীয় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসআর

সম্পর্কিত খবর