[email protected] সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩

জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারি থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৬ ৪:৫৭ পিএম

সংগৃহীত ফাইল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টায় শুরু হবে।

আবেদন গ্রহণ চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি।


রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম সভার বিশেষ অধিবেশনে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচটি ইউনিটের মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য থাকছে ইউনিট-এ।

কলা ও আইন অনুষদের শিক্ষার্থীদের পরীক্ষা হবে ইউনিট-বিতে। বিজনেস স্টাডিজ অনুষদের জন্য ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য ইউনিট-ডি এবং চারুকলা অনুষদের জন্য ইউনিট-ই নির্ধারণ করা হয়েছে।


ভর্তি পরীক্ষার নির্ধারিত সূচি অনুযায়ী, ইউনিট-এ-এর পরীক্ষা হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। এরপর ৮ জানুয়ারি ইউনিট-ই, ১৫ জানুয়ারি ইউনিট-বি, ২২ জানুয়ারি ইউনিট-সি এবং ২৩ জানুয়ারি ইউনিট-ডির পরীক্ষা অনুষ্ঠিত হবে।


প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী হবে। সব ইউনিটের পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার পদ্ধতি হবে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ)।


ভর্তি পরীক্ষায় আবেদন করতে শিক্ষার্থীদের ২০২৩ অথবা ২০২৪ সালের এসএসসি/সমমান এবং ২০২৬ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


ইউনিটভিত্তিক আবেদনের যোগ্যতা
ইউনিট-এ: এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মিলিয়ে ন্যূনতম জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩.০০-এর নিচে হলে আবেদন করা যাবে না।


ইউনিট-বি: দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ প্রয়োজন। একই সঙ্গে কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম থাকা যাবে না।


ইউনিট-সি: এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় সম্মিলিত জিপিএ ন্যূনতম ৬.৫০ হতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩.০০-এর নিচে হলে প্রার্থী আবেদন করতে পারবেন না।


ইউনিট-ডি: দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।


ইউনিট-ই: এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ অন্তত ৫.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর নিচে হলে আবেদন করার সুযোগ থাকবে না।


সভায় আরও সিদ্ধান্ত হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের নিয়মিত ক্লাস শুরু হবে ২০২৭ সালের ৪ এপ্রিল থেকে।


ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য সভায় একটি কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং প্রতিটি ইউনিটের জন্য পৃথক ভর্তি কমিটি গঠন করা হয়েছে।


একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বহিঃসদস্য এবং সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।


বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ থেকে শুরু করে ভর্তি পরীক্ষা ও পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর