কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন একাডেমিক সুবিধা নিশ্চিত করতে স্থায়ী নীতিমালা প্রণয়নের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে কুবি শাখা জাতীয় ছাত্রশক্তি।
রোববার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে সংগঠনটির নেতাকর্মীরা এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উচ্চশিক্ষার পাশাপাশি অনেক নারী শিক্ষার্থীকে মাতৃত্বের দায়িত্বও পালন করতে হয়। গর্ভকালীন সময় এবং সন্তান জন্মের পর শারীরিক জটিলতা, চিকিৎসা ও বিশ্রামের প্রয়োজনের কারণে অনেকের পক্ষে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা সম্ভব হয় না। ফলে নির্ধারিত উপস্থিতির শর্ত পূরণ না হওয়ায় জরিমানা, পরীক্ষা দিতে না পারা কিংবা সেমিস্টার বা শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার মতো সমস্যার মুখোমুখি হতে হয়।
এ অবস্থায় দেশের অন্যান্য কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও মাতৃত্বকালীন একাডেমিক সহায়তা বিষয়ক একটি স্থায়ী নীতিমালা প্রণয়নের দাবি জানায় সংগঠনটি।
স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—মাতৃত্বকালীন সময়ে উপস্থিতি ৬০ শতাংশের কম হলেও জরিমানা ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ, ইনকোর্স, মিডটার্ম ও অ্যাসাইনমেন্টে বিশেষ নমনীয়তা এবং বিকল্প ব্যবস্থার সুযোগ, প্রসবকালীন ও পরবর্তী সময় বিবেচনায় অন্তত তিন মাসের একাডেমিক ছুটি এবং এ সংক্রান্ত নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা।
পাশাপাশি বিভাগীয় পর্যায়ে এসব সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে প্রশাসনিক হয়রানি বন্ধেরও আহ্বান জানানো হয়।
এ বিষয়ে কুবি শাখা জাতীয় ছাত্রশক্তির সংগঠক সৈয়দা নাজিফা নাফিল বলেন, মাতৃত্ব একজন নারীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় শারীরিক ও মানসিক কারণে নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। তাই মাতৃত্বের কারণে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত না হয়, সে লক্ষ্যে একটি মানবিক ও কার্যকর নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।
এসআর