[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

সামসুল হক খান কলেজে প্রতিষ্ঠানের বাস নিজের নামে নিবন্ধন, আয়ের অর্থ অধ্যক্ষের ব্যক্তিগত একাউন্টে!

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ২:২৬ এএম

ইনসেটে কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লার বিরুদ্ধে প্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থাপনা ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানের অর্থে কেনা শিক্ষার্থী পরিবহনের বাসগুলো প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তিগত নামে নিবন্ধন করা হয়েছে এবং সেখান থেকে অর্জিত অর্থও ব্যক্তিগত হিসাবে জমা হচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্কুলের অর্থে কেনা বাসগুলো প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত হওয়ার কথা থাকলেও সেগুলো অধ্যক্ষ ও তার পরিবারের সদস্যের নামে নিবন্ধন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

একই সঙ্গে বাস পরিচালনা থেকে প্রাপ্ত আয় প্রতিষ্ঠানের তহবিলে জমা না হয়ে ব্যক্তিগতভাবে ব্যবহৃত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বাসগুলো সাপ্তাহিক ছুটির দিনে বিয়ে, পিকনিক, শিক্ষা সফরসহ বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়।

প্রতিটি বাস থেকে কয়েক হাজার টাকা করে ভাড়া আদায় হলেও সেই অর্থ প্রতিষ্ঠানের হিসাবে প্রতিফলিত হয় না বলে অভিযোগকারীদের দাবি। অপরদিকে প্রতিষ্ঠানের আর্থিক নথিতে বাস পরিচালনায় লোকসান দেখানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত পরিবহন ফি নিয়মিত আদায় করা হলেও বাস পরিচালনা থেকে প্রকৃত আয় প্রতিষ্ঠানের হিসাবপত্রে প্রতিফলিত হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা সব অভিযোগ অস্বীকার করেন।

তার ভাষ্য, অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

তবে বাসগুলো তার নামে নিবন্ধিত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাস কেনার সময় প্রতিষ্ঠানের টিআইএন (TIN) সনদ না থাকায় সাময়িকভাবে তার ব্যক্তিগত টিআইএন ব্যবহার করে নিবন্ধন করা হয়েছিল।

পরে কেন এখনো মালিকানা প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করা হয়নি এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। একই সঙ্গে বাস পরিচালনার আয়-ব্যয়ের হিসাবও তিনি প্রকাশ করেননি।

সূত্র - ইত্তেফাক 

এসআর

সম্পর্কিত খবর