বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) এক শিক্ষার্থীর ওপর অতর্কিত ও নৃশংস
হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৭ জুলাই) রাতে বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকায় এই হামলার শিকার হন ওই প্রতিষ্ঠানের ১১তম ব্যাচের এক শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত সংগঠনের নেতাকর্মীরা এই বর্বর হামলা চালিয়েছে। হামলায় গুরুতর আহত ওই শিক্ষার্থীর একটি হাত ও দুই পা ভেঙে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে তাকে ঢামেকে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, সহপাঠীর ওপর এমন অমানবিক ও নৃশংস হামলার খবরে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীরা এই ঘটনার তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা।
তবে এই হামলার ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা বক্তব্য দেওয়া হয়নি।
এসআর