[email protected] মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩

শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ৮:৫৮ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের নিয়ে করা সাম্প্রতিক মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী বলেন, তার ব্যক্তিগত একটি মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে আপত্তি উঠেছে। তিনি দাবি করেন, কাউকে উদ্দেশ্য করে মন্তব্যটি করা হয়নি। তবে সেই বক্তব্যে কেউ আহত বা কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

তার এই বক্তব্যের পর সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে প্রতিক্রিয়া জানান।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের একটি দল সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

তিনি জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষায় অনেক পরীক্ষার্থী ভোগান্তিতে পড়েছে এবং এ নিয়ে অভিযোগও এসেছে।

পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরীক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বন্যা পরিস্থিতির কারণে ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই বোর্ডের পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে পুনঃআয়োজন করা হবে।

একই সময়ে পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষাও পুনরায় নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

এসআর

সম্পর্কিত খবর