কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে নতুন করে দুই সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বর মাসে শিক্ষক সমিতির নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
নতুন সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক খাইরুন নাহার এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাশিয়াত যাহিন।
বর্তমানে আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।
শিক্ষক সমিতির সদস্য সচিব ড. জুলহাস উদ্দিন বলেন, গঠনতন্ত্র অনুযায়ী বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নির্বাচনকে সামনে রেখে শিক্ষকদের অংশগ্রহণে একটি সম্মিলিত শিক্ষা সফরের পরিকল্পনাও রয়েছে।
আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার জানান, প্রয়োজন হলে ভবিষ্যতে আহ্বায়ক কমিটিতে আরও সদস্য যুক্ত করা হতে পারে।
তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত তখনকার পরিস্থিতি এবং সাধারণ শিক্ষকদের মতামতের ভিত্তিতেই নেওয়া হবে।
এসআর