[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ বিভাগের ৬০ শিক্ষার্থীকে শিক্ষা মেধাবৃত্তি প্রদান

ববি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ৮:৩৬ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)

 ২৫টি বিভাগের ৬০ জন কৃতী শিক্ষার্থীকে ‘শিক্ষা মেধাবৃত্তি’ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার পরিচয় দিয়েছে, তারাই মেধার এই স্বীকৃতি অর্জন করেছে। এটি কেবল একটি পুরস্কার নয়, ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তিনি সনদনির্ভর শিক্ষার বদলে উচ্চশিক্ষাকে দক্ষতা, প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষার সঙ্গে যুক্ত করার তাগিদ দেন, যাতে তরুণরা বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারে।

​শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান উপাচার্য। কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান যুগে আজীবন শিখে যাওয়ার মানসিকতা গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের করের অর্থে পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও দেশ গঠনে আত্মনিয়োগের পরামর্শও দেন তিনি।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেধাবৃত্তি নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির এবং বিশেষ অতিথির বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

​এ ছাড়া বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. হারুন-অর-রশিদ এবং আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ।

​বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন জীববিজ্ঞান অনুষদের রেদওয়ান আসাদ, আইন অনুষদের জেরিন তাসনিম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ঈশিতা আফরিন। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে গবেষণামুখী শিক্ষা ও নৈতিক মূল্যবোধ নিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

​গবেষণা ও সম্প্রসারণ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. সোনিয়া খান সনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন। 

এসআর

সম্পর্কিত খবর