এইচএসসি ও সমমানের রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে কোনো ভুল বা অসঙ্গতি ছিল না বলে
স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। এর মাধ্যমে প্রশ্নপত্রের ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন বা বিভ্রান্তির কোনো ভিত্তি নেই বলে বোর্ডের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
রোববার (২৬ জুলাই) শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রশ্নপত্র সম্পূর্ণ সঠিক ছিল এবং খাতা মূল্যায়নের সুবিধার জন্য নম্বর বণ্টনের সুনির্দিষ্ট ও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
শিক্ষাবোর্ডের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষার্থীদের আংশিক উত্তরের ওপর ভিত্তি করে আংশিক নম্বর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যদি রাসায়নিক বিক্রিয়ার অর্ধসমীকরণ পূর্ণ করতে পারে, সঠিক গাণিতিক সূত্র লিখতে পারে কিংবা বিষয়ভিত্তিক কোনো ধারণার সঠিক ব্যাখ্যা প্রদান করতে পারে, তবে তারা উত্তর অনুযায়ী নম্বর পাবে। এছাড়া প্রতিটি সৃজনশীল প্রশ্নের (ঘ) অংশে নির্ধারিত ৪ নম্বরের জন্য সঠিক গাণিতিক বিশ্লেষণের পাশাপাশি যৌক্তিক ব্যাখ্যা দেওয়া বাধ্যতামূলক রাখা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর কিছু পরীক্ষার্থী ১, ৫, ৬ ও ৮ নম্বর উদ্দীপকে ভুল থাকার অভিযোগ তুলেছিলেন। বোর্ডের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের বিভ্রান্তির পেছনে কিছু কোচিং সেন্টারের মালিক ও স্বার্থান্বেষী মহলের ভুল তথ্য প্রচারের ভূমিকা রয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের এ ধরণের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
এসআর