কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি না মিললেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শাখা তাদের পূর্বঘোষিত কর্মসূচি আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে।
সংগঠনটির দাবি, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
সংগঠন সূত্রে জানা যায়, ২৫ জুলাই বাদ আছর ‘জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা’ শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নিরাপত্তাজনিত কারণ বিবেচনায় অনুষ্ঠানের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। প্রশাসনের ভাষ্য, আমন্ত্রিত অতিথির নিরাপত্তা নিশ্চিত করার মতো পরিস্থিতি না থাকায় আবেদনটি অনুমোদন করা হয়নি।
বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দীন ইফতি বলেন, প্রশাসনের কাছে অনুমতির আবেদন করা হয়েছিল। তবে নিরাপত্তার বিষয় উল্লেখ করে অনুমতি দেওয়া হয়নি। এরপরও পূর্বঘোষিত কর্মসূচি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এতে অংশ নেবেন বলে তিনি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, অতিথির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় প্রশাসন অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি। তিনি আরও বলেন, অনুমতি ছাড়া কোনো কর্মসূচি অনুষ্ঠিত হলে সেখানে নিরাপত্তাজনিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে নির্ধারিত কর্মসূচি ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআর