বরিশালে ইয়াবাসহ আটক হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীসহ দুই যুবক।
আটক শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি অতীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ জানায়, গত ২১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সড়ক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মামলার অপর আসামি আরাফাত ইসলাম (২২)। তিনি বরিশাল নগরীর রূপাতলী এলাকার সোবহান খান গলির বাসিন্দা।
পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখা হয়েছিল। অভিযানের সময় মোটরসাইকেলের ট্যাংকের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি নীল রঙের পলিথিন থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটকের পরদিন দুই আসামিকে আদালতে হাজির করা হলে তারা জামিন লাভ করেন।
এ বিষয়ে জানতে তাইজুল ইসলাম তাজের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. ফিরোজ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ জুলাই রাতে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
এসআর