বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ উঠেছে।
অভিযোগের তীর একই বিভাগের ১৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর দিকে। এ ঘটনায় এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি তদন্তে বিভাগীয়ভাবে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বুধবার (২২ জুলাই) দুপুরের দিকে ক্যাম্পাসসংলগ্ন ভাটার খালপাড় এলাকার একটি পরিত্যক্ত ভবনের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রক্টর অফিসে নিয়ে যায়। সেখানে এক নবীন ছাত্রী অসুস্থ অবস্থায় পাওয়া গেলে তাকে দ্রুত মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হন।
প্রক্টর অফিসের তথ্যমতে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সিনিয়র শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকারের ভিত্তিতে তাদের ছেড়ে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে ১৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী দাবি করেন, জুনিয়রদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুস্মিতা রায় বলেন, র্যাগিংয়ের অভিযোগ পাওয়ার পর বিভাগ দ্রুত পদক্ষেপ নিয়েছে। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র ও নবীন—উভয় ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে কথা বলা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে দুই ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে। অসুস্থ শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে।
এসআর