[email protected] সোমবার, ১৩ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

ববি কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রাজু-রিহাম

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ ১২:৩৬ এএম

সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতি ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য এক বছরের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।

নতুন কমিটিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তামিম ইকবাল রাজু সভাপতি এবং একই শিক্ষাবর্ষের তানভীর হাসান রিহাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সদ্য বিদায়ী সভাপতি আকাশ আলমগীর মুন্না, সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ এবং সংগঠনের উপদেষ্টা পরিষদের যৌথ অনুমোদনে নতুন কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি শাকিল আহমেদ (২০২১-২২), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিক উদ্দিন (২০২২-২৩), সাংগঠনিক সম্পাদক আরেফিন জুবায়ের রাজিন (২০২২-২৩), দপ্তর সম্পাদক মো. তৌফিক রহমান (২০২৩-২৪), প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম আশিক (২০২৩-২৪) এবং অর্থ সম্পাদক মো. ইভন ইসলাম (২০২৩-২৪)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফাতিন আহমেদ, মো. ওবায়দুল্লাহ, টিপু সুলতান, রাশেদ আহমেদ ও মো. আশিকুর রহমান।

সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা দিতে চার সদস্যের শিক্ষক উপদেষ্টা পরিষদও রয়েছে।

তারা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু সালেম এবং আইন বিভাগের প্রভাষক মো. ছোটন আলী।

নবনির্বাচিত সভাপতি মো. তামিম ইকবাল রাজু বলেন, কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে তিনি এই দায়িত্বকে দেখছেন।

শিক্ষার্থীদের প্রয়োজনের সময় পাশে থাকা এবং বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করবেন বলে তিনি জানান। একই সঙ্গে সবার সহযোগিতায় সংগঠনকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক তানভীর হাসান রিহাম বলেন, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক বিশ্বাসই একটি সংগঠনের মূল শক্তি।

শিক্ষার্থীদের জন্য দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নেতৃত্ব বিকাশ, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নীতি-আদর্শবিরোধী কোনো কর্মকাণ্ডে কোনো সদস্য জড়িত থাকলে উপদেষ্টা ও সহ-উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নতুন কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনায় সকলের সহযোগিতা ও শুভকামনা কামনা করেছেন।

এসআর

সম্পর্কিত খবর