[email protected] সোমবার, ৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩

আইনি মতামতের ভিত্তিতে কুবির পাঁচ অনুষদে স্থায়ী ডিন নিয়োগ

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুলাই ২০২৬ ৮:০৬ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি অনুষদে স্থায়ীভাবে পাঁচজন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইন, সংশ্লিষ্ট কমিটির সুপারিশ, আদালতে দায়ের হওয়া মামলার নথি এবং আইন উপদেষ্টার মতামত পর্যালোচনা করে উপাচার্য এ নিয়োগের অনুমোদন দেন।

 

সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরীর সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

 

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার। কলা ও মানবিক অনুষদের দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম। প্রকৌশল অনুষদের দায়িত্ব দেওয়া হয়েছে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছানকে এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক।

 

অফিস আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ১০৯তম ও ১১০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬-এর ধারা ২২, ডিন নিয়োগসংক্রান্ত কমিটির প্রতিবেদন এবং রিট পিটিশন নং-৩০৪৫/২০২০ ও সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল নং-৯৩৭/২০২০ বিষয়ে আইন উপদেষ্টার মতামতের আলোকে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, এবার ডিন নিয়োগে বিভাগভিত্তিক পালাক্রম অনুসরণ করা হয়েছে। অতীতে যেখানে পালাক্রমে ব্যত্যয় ঘটেছিল, সেই বিভাগগুলোকে অগ্রাধিকার দিয়ে নতুন করে ক্রম নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট বিভাগে জ্যেষ্ঠতার ভিত্তিতে ডিন নির্বাচন করা হলেও, আগে কেউ ডিন হিসেবে দায়িত্ব পালন করে থাকলে বা আইনি জটিলতায় থাকলে তার পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিমালা অনুসরণ করে সব দিক বিবেচনায় নিয়েই এ নিয়োগ সম্পন্ন হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের বিতর্কের সুযোগ না থাকে।

 

এর আগে গত ২০ মে জারি করা এক আদেশে আইন উপদেষ্টার মতামত না পাওয়া পর্যন্ত পাঁচ অনুষদে ডিনের প্রতিনিধি হিসেবে কয়েকজন শিক্ষক দায়িত্ব পালন করছিলেন।

তাদের মধ্যে ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান, আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কলা ও মানবিক অনুষদে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।

 

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, অতীতে ডিন নিয়োগে যেসব অনিয়ম বা নিয়মের ব্যত্যয় হয়েছিল, সেগুলো বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন, আদালতের নথি, আইন উপদেষ্টার মতামত এবং কমিটির সুপারিশের ভিত্তিতেই নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।

 

নিয়োগপ্রাপ্ত ডিনরা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী দুই বছর নিজ নিজ অনুষদের দায়িত্ব পালন করবেন।

এসআর

সম্পর্কিত খবর