কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
সোমবার (২৯ জুন) সকালে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১১০তম সিন্ডিকেট সভায় বাজেটটি অনুমোদিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৮৬ কোটি ৪২ লাখ ৭৮ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত বাজেট অনুযায়ী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৭১ কোটি ৬২ লাখ ১৫ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ৮ কোটি ৭৫ লাখ টাকা এবং পূর্ববর্তী বছরের উদ্বৃত্ত থেকে ২ কোটি ১ লাখ ৮২ হাজার টাকা পাওয়া যাবে। তবে মোট বাজেটে প্রায় ৯১ লাখ টাকার ঘাটতি থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন অর্থবছরের জন্য মোট ১০৬ কোটি টাকার বেশি বাজেটের প্রস্তাব করা হলেও অনুমোদন মিলেছে ৮৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকা। ফলে চাহিদার তুলনায় প্রায় ২২ কোটি ৭০ লাখ টাকার ঘাটতি রয়েছে।
অনুমোদিত বাজেটের সবচেয়ে বড় অংশ বেতন-ভাতা, পেনশন, পণ্য ও সেবা খাতে ব্যয় করা হবে। এছাড়া মূলধনী উন্নয়ন এবং অন্যান্য অনুদান খাতেও অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ইউজিসির বরাদ্দের মধ্যেই গবেষণা ব্যয় অন্তর্ভুক্ত থাকায় এ বছর গবেষণার জন্য পৃথক কোনো বরাদ্দ রাখা হয়নি।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বাজেটের আকার ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন বিবেচনায় আরও বেশি বরাদ্দ পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
সভায় উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতে বাজেট বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
এসআর