[email protected] রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

জবির কনসার্টে প্রথমবার পরিবেশিত হলো স্বরূপ ব্যান্ডের মৌলিক গান ‘মায়া’

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ৯:৫৪ পিএম

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৭তম ফাউন্ডেশন ডে উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমবারের মতো নিজেদের মৌলিক গান ‘মায়া’ পরিবেশন করেছে শিক্ষার্থীদের ব্যান্ড স্বরূপ।

গানটির প্রথম লাইভ পারফরম্যান্স দর্শকদের ব্যাপক সাড়া ফেলে এবং অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

 

গত ১০ জুলাই (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি মাঠে অনুষ্ঠিত কনসার্টে গানটি পরিবেশন করেন স্বরূপ ব্যান্ডের সদস্যরা। এটি ব্যান্ডটির আসন্ন প্রথম অ্যালবামের প্রথম প্রকাশিত মৌলিক গান।

 

২০২৪ সালের ২৭ নভেম্বর যাত্রা শুরু করে স্বরূপ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে গড়ে ওঠা এই ব্যান্ড ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, জেলা ও উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ এবং পুনর্মিলনীতে নিয়মিত পারফর্ম করছে।

 

ব্যান্ড সূত্রে জানা যায়, তাদের পাঁচটিরও বেশি মৌলিক গান প্রস্তুত রয়েছে। বর্তমানে প্রথম অ্যালবামের কাজ চলছে এবং পর্যায়ক্রমে গানগুলো প্রকাশের পরিকল্পনা রয়েছে। সেই ধারাবাহিকতায় ‘মায়া’ গানটির প্রথম আনুষ্ঠানিক পরিবেশনা হয়েছে নিজ বিশ্ববিদ্যালয়ের মঞ্চে।

 

স্বরূপ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান কণ্ঠশিল্পী ফয়সাল কবীর বলেন, স্বরূপ তার দীর্ঘদিনের স্বপ্নের একটি প্রকল্প। তিনি জানান, ব্যান্ডের প্রতিটি সদস্য তার কাছে পরিবারের মতো। এর আগে তিনি ‘মনের মানুষ’ ও ‘ফোক চাইল্ড’ ব্যান্ডে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে স্বরূপ গঠনের পরই ‘মায়া’ গানটির সৃষ্টি হয় এবং গানটি দর্শকের সামনে তুলে ধরতে পেরে তারা আনন্দিত।

 

স্বরূপ ব্যান্ডের অন্যান্য সদস্যরা হলেন— দীপাঞ্জন শর্মা (ভোকাল ও গীতিকার), ফাহিম হাসান (বেইজ গিটার ও সাউন্ড ইঞ্জিনিয়ার), সান সাহা অন্তর (ব্যাঞ্জো), সৌমিত্র দাস (ড্রামস) এবং হৃদয় সরকার (গিটার ও সাউন্ড ইঞ্জিনিয়ার)।

 

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের জন্য নির্মিত থিম সং ‘জাগো জবিয়ান’-ও স্বরূপ ব্যান্ডের সৃষ্টি। গানটি প্রকাশের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ প্রশংসা কুড়িয়েছিল।

এসআর

সম্পর্কিত খবর