[email protected] রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

ইবিতে দুই বাধ্যতামূলক কোর্স ঐচ্ছিক করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ৭:৩১ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চালু হওয়া বাধ্যতামূলক 'ইসলামিক স্টাডিজ' ও 'বাংলাদেশ স্টাডিজ' কোর্সকে ঐচ্ছিক করার দাবিতে মৌন মানববন্ধন করেছেন সাধারণ সনাতনী শিক্ষার্থীরা।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বৃষ্টিতে ভিজে তারা এ কর্মসূচি পালন করেন।

রোববার (১২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনূর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে লিখিতভাবে তাদের দাবিগুলো তুলে ধরে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

তারা শিক্ষাব্যবস্থায় বৈষম্য দূর করা, শিক্ষার্থীদের একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করা এবং বাধ্যতামূলক কোর্সের পরিবর্তে পছন্দের সুযোগ রাখার আহ্বান জানান।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক সনাতনী শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীদের উত্থাপিত দাবির মধ্যে রয়েছে—'ইসলামিক স্টাডিজ' ও 'বাংলাদেশ স্টাডিজ' কোর্সকে ঐচ্ছিক করা, শিক্ষার্থীদের নিজস্ব পছন্দ অনুযায়ী কোর্স নির্বাচনের সুযোগ নিশ্চিত করা এবং সব শিক্ষার্থীর জন্য অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ পাঠ্যক্রম প্রণয়ন করা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনূর রহমান বলেন, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

যেহেতু বিষয়টি একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট, তাই এককভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।

তবে আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি আলোচনা হবে এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পর ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকে 'বাংলাদেশ স্টাডিজ' ও 'ইসলামিক স্টাডিজ'—এই দুটি বিষয় বাধ্যতামূলক ক্রেডিট কোর্স হিসেবে চালু করা হয়েছে।

এর আগে শিক্ষার্থীরা নন-ক্রেডিট কোর্স হিসেবে দুটি বিষয়ের মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ পেতেন।

এসআর

সম্পর্কিত খবর