[email protected] রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রাম ছাড়া নির্ধারিত সূচিতেই এইচএসসি পরীক্ষা, স্থগিতাদেশ বহাল চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ৭:০৩ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষাগুলো আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।

 

রোববার (১২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন সব পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরের সব জেলার পরীক্ষাও স্বাভাবিক নিয়মে চলবে।

 

অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা এবং ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য পূর্বে ঘোষিত স্থগিতাদেশ বহাল রাখা হয়েছে। ফলে ১৩, ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না।

 

স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর