[email protected] রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

বৃষ্টি পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ৫:৩৪ পিএম

সংগৃহীত ছবি

টানা বৃষ্টিপাত ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার প্রেক্ষাপটে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার।

আবহাওয়ার সর্বশেষ অবস্থা বিশ্লেষণ করে প্রয়োজন হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

 

রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছে। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং সব শিক্ষা বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কোথায় কী পরিস্থিতি রয়েছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়ার নতুন পূর্বাভাস পাওয়ার পর আবারও বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

 

তিনি বলেন, কোনো অঞ্চলে পরীক্ষা স্থগিতের প্রয়োজন হলে পরে বিকল্প সময়সূচিতে সেই পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রশ্নফাঁসের গুজব সম্পর্কে মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একটি প্রতারক চক্র ভুয়া প্রশ্নপত্রের নামে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে।

 

তিনি সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, যাচাই ছাড়া প্রশ্নফাঁসের খবর প্রচার করলে প্রতারক চক্র আরও সক্রিয় হওয়ার সুযোগ পায়। তাই বিষয়টি নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশ করা উচিত।

 

সাইবারভিত্তিক এ ধরনের প্রতারণা মোকাবিলায় আইন আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

 

পরীক্ষাকেন্দ্রে অনিয়মের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ভোলার চরফ্যাশনের একটি কেন্দ্রের ঘটনায় মামলা হয়েছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কুমিল্লায় উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত শিক্ষার্থীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

 

তিনি আরও বলেন, পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। প্রতিটি অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর