এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ মেমিস (MEMIS) সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ ও ব্যবহারের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত অধিদপ্তরের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার তথ্য মেমিস সফটওয়্যারের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়।
এ কারণে প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব।
অধিদপ্তর আরও জানায়, এই লগইন তথ্য কোনো অবস্থাতেই অন্য কারও কাছে দেওয়া যাবে না। প্রতিষ্ঠান প্রধানদের সতর্কতার সঙ্গে আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ ও ব্যবহার করতে বলা হয়েছে।
এ বিষয়ে কোনো অভিযোগ বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসআর