[email protected] বুধবার, ৮ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

জুতা চুরির জেরে মধ্যরাতে জবি শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ২৫

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুলাই ২০২৬ ৯:৪৬ পিএম

সংগৃহীত ছবি

পুরান ঢাকার মুরগিটোলা এলাকায় জুতা চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে দুই সাংবাদিক, পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঘটনার পর বিক্ষোভ জানিয়ে শিক্ষার্থীরা কিছু সময় সড়ক অবরোধ করেন।

 

সোমবার (৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

 

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল ইসলামের মেস থেকে একজোড়া জুতা চুরি যায়। সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় মাইকেল নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে স্থানীয় কিছু ব্যক্তি এসে তাকে ছাড়িয়ে নেওয়ার পাশাপাশি কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

 

এর প্রতিবাদে শিক্ষার্থীরা মুরগিটোলা মোড়ে জড়ো হয়ে অভিযুক্তদের খোঁজ শুরু করেন। পরে তারা একটি বাড়ি ঘিরে অবস্থান নিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের হেফাজতে নেওয়ার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হন।

 

আহতদের মধ্যে রয়েছেন আমার দেশ–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিমন ইসলাম এবং দৈনিক সময়–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অপূর্ব রায়।

 

লিমন ইসলাম অভিযোগ করেন, ঘটনার ছবি ও ভিডিও ধারণের সময় এক পুলিশ সদস্য তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

 

শিক্ষার্থী আযহারুল জানান, তিনি ঘটনাস্থলে অবস্থান করছিলেন। হঠাৎ পুলিশ লাঠিচার্জ শুরু করলে তিনি মাথায় আঘাত পান।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন বলেন, গেন্ডারিয়া থানার ওসির কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি এক শিক্ষার্থীকে মারধর করার পর পুলিশ তাকে আটক করে থানায় নেওয়ার উদ্যোগ নেয়। তবে কয়েকজন শিক্ষার্থী আটক ব্যক্তিকে মারধর করতে চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

 

ঘটনার পর রাত আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা মুরগিটোলা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

 

ডেমরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) মীর মুহসিন মাসুদ বলেন, জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় মাইকেল ও আশিকুর রহমান আশিক নামে দুজনকে আটক করা হয়েছে। তার দাবি, আটক ব্যক্তিকে থানায় নেওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী তাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। এতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।

 

অন্যদিকে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, রাতের দিকে এক শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ একজনকে আটক করলে তাকে থানায় নেওয়ার সময় বাধা দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর