[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

বুটেক্সের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ৬:২৭ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের লেভেল-১, টার্ম-১ এ ভর্তি হওয়া ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণ ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের বিষয়ে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য সচিব শাহাদত হোসেন বিপ্লবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।

 

শিক্ষামন্ত্রী বলেন, দেশের টেক্সটাইল খাতের অগ্রযাত্রা ধরে রাখতে দক্ষ প্রকৌশলী তৈরির পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনে আরও গুরুত্ব দিতে হবে। তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। এ অবস্থান আরও শক্তিশালী করতে ভবিষ্যৎ টেক্সটাইল প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে টেক্সটাইল বিষয়ে পৃথক বিসিএস ক্যাডারের দাবির বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার আশ্বাসও দেন তিনি।

 

বুটেক্সের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্যাম্পাস সম্প্রসারণ এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সরকারের সহযোগিতা থাকবে বলে তিনি উল্লেখ করেন।

 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, দেশের রপ্তানি আয়ের বড় অংশ টেক্সটাইল ও তৈরি পোশাক খাত থেকে আসে। বুটেক্সের শিক্ষার্থীরা এ শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা এবং টেক্সটাইল প্রকৌশলীদের জন্য ক্যাডারভিত্তিক নিয়োগের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে নিয়মিত পড়াশোনার পাশাপাশি গবেষণা, উদ্ভাবন ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ ও বিশ্বমানের স্নাতক হিসেবে গড়ে তুলতে হবে।

 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, গবেষণা, উদ্ভাবন, সহশিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ পেশাগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এসআর

সম্পর্কিত খবর